শুক্রবার | অক্টোবর ১৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশময়মনসিংহ গৌরীপুরে বাড়িতে গ্যাস সিলিন্ডার মজুদ রাখায় ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড

গৌরীপুরে বাড়িতে গ্যাস সিলিন্ডার মজুদ রাখায় ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে আবাসিক বাড়িতে আইন অমান্য করে গ্যাস সিলিন্ডার মজুদ রাখার দায়ে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. বি. এম. কাউসার জামান।

মঙ্গলবার দুপুরে পৌর শহরের গাঁও গৌরীপুর এলাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ওই এলাকার শেখ জামাল আহমেদের ছেলে ব্যবসায়ী তানভির আহমেদকে এই অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানা যায়, উক্ত ব্যবসায়ীর গ্যাস সিলিন্ডার বিক্রির জন্য প্রয়োজনীয় বিস্ফোরক লাইসেন্স ছিল না এবং তিনি ঝুকিপূর্ণভাবে আবাসিক বাড়িতে সিলিন্ডারগুলো মজুদ করে রেখেছিলেন। তাই ১৯৫৬ সালের ব্যবসা সংক্রান্ত আইন অনুযায়ী তাঁকে এই অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) এ. বি. এম. কাউসার জামান জানান, আবাসিক বাড়িতে এভাবে গ্যাস সিলিন্ডার রাখার কোনো সুযোগ নেই। সিলিন্ডার বিস্ফোরিত হলে পুরো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটতে পারে। তাই, সতর্ক করার উদ্দেশ্যে এবং আইন অমান্য করায় এই জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে গৌরীপুর থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা