চৌগাছা, যশোর থেকে শ্যামল দত্ত : যশোরের বহুল প্রচারিত দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চৌগাছায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে প্রেসক্লাব চৌগাছার কার্যালয়ে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব চৌগাছার সিনিয়র সভাপতি ও দৈনিক রানারের উপজেলা প্রতিনিধি রহিদুল ইসলাম খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক আজিজুর রহমান।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ, পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুর রহমান, প্রেসক্লাব চৌগাছার যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রহিম, বাবুল আক্তার, সাংগঠনিক সম্পাদক শ্যামল দত্ত, সাংবাদিক প্রভাষক আজিজুর রহমান, এম এ মান্নান, আজম আশরাফুল, ফখরুল ইসলাম, কালিমুল্লাহ সিদ্দিক প্রমুখ।
বক্তারা দৈনিক রানার পত্রিকার দীর্ঘ পথচলা, সংবাদ পরিবেশনে এর ভূমিকা এবং বিভিন্ন অর্জনের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, দীর্ঘদিন ধরে পত্রিকাটি পাঠকদের কাছে সংবাদ পৌঁছে দেওয়ার পাশাপাশি সমাজের নানা অসংগতি ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরছে। এ সময় বক্তারা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক তুহিন আক্তার, সিংহঝুলী যুব জামায়াতের সভাপতি সোহেল রানা জিকোসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা। আলোচনা সভা শেষে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
