শনিবার | অক্টোবর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ‎কক্সবাজারে ইনানীতে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৭ পর্যটকের মৃত্যু

‎কক্সবাজারে ইনানীতে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৭ পর্যটকের মৃত্যু

কক্সবাজার উখিয়া থেকে ‎আবু বক্কর সিদ্দিক : ‎কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে পুড়ে ৭ পর্যটকের মৃত্যু হয়েছে।
‎
‎​আজ শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত সংলগ্ন ওই রিসোর্টে এই দুর্ঘটনা ঘটে।
‎
‎​নিহতরা সবাই পর্যটক বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। তবে উদ্ধার অভিযান এখনো চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
‎
‎​স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার সকালে হঠাৎ করেই টুপটুপ রিসোর্টে আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুন পুরো রিসোর্টে ছড়িয়ে পড়ে এবং এটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
‎
‎​ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য জানান, সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ও উদ্ধার কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার টানা চেষ্টার পর সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় ভেতর থেকে ৭ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়।
‎
‎​প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং মোট কতজন হতাহত হয়েছেন তা জানা যায়নি। এ বিষয়ে ফায়ার সার্ভিস ও প্রশাসনের পক্ষ থেকে তদন্ত চলছে।
‎
‎​এদিকে, এই মর্মান্তিক দুর্ঘটনার পর থেকে রিসোর্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি, তারা পালিয়ে গেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা