মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে আকিদুল ইসলামের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কাওড়া পূর্বপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত আকিদুল ইসলাম মৃত আমিন উদ্দিন শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বসতবাড়িতে। এতে বাড়িটি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আগুনে পরিবারের ঘরবাড়ি ও মালামাল পুড়ে যাওয়ায় তারা চরম দুর্ভোগের মুখে পড়েছেন।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রি। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাৎক্ষণিক শুকনা খাবার ও বিতরণ করে , তাঁদের প্রতি সমবেদনা জানান এবং ক্ষতিপূরণের আশ্বাস দেন।
