মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগরে ২৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে শ্রীকাইল ইউনিয়নের সলপা ইসলামপুর এলাকার পান্ডব আলী শাহ মাজারের সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বাঙ্গরা বাজার থানার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের আমিননগর এলাকার মনু মিয়ার ছেলে জামান মিয়া (৩৫) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের পূর্বহাটি এলাকার আব্দুর রশিদের ছেলে মো. অলি (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিউল আলম এর নির্দেশনায় এসআই মোহাম্মদ রবিউল ইসলাম, এসআই ফয়সাল সরোয়ার, এসআই বিনোধ দস্তগীর সহ পুলিশের একটি দল পান্ডব আলী শাহ মাজারের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় তাঁদের কাছ থেকে ২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিউল আলম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
