সোমবার | অক্টোবর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কিশোরগঞ্জে নিরাপদ সড়ক নিশ্চিত ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ

কিশোরগঞ্জে নিরাপদ সড়ক নিশ্চিত ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ

কিশোরগঞ্জ থেকে মোঃ মিজানুর রহমান : কিশোরগঞ্জের গাইটাল আন্তজেলা বাস টার্মিনালে নিরাপদ সড়ক নিশ্চিত করা ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে জেলা পুলিশ।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে জেলা পুলিশের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।

কর্মসূচিতে চালকদের ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ, বেপরোয়া গাড়ি চালানো ও মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকা এবং ট্রাফিক সংকেত মানার বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি যাত্রী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করা, গাড়ির কাগজপত্র ও যান্ত্রিক অবস্থা পরীক্ষা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে দায়িত্বশীলভাবে গাড়ি চালানোর আহ্বান জানিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘আমরা নিরাপদ গাড়িচালক চাই। একজন চালক নিজে নিরাপদ থাকলে তার গাড়ির যাত্রীরাও নিরাপদ থাকবেন। একই সঙ্গে নিরাপদ থাকবে তার পরিবার।’

তিনি আরও বলেন, ‘একজন চালককে কর্মস্থলে পাঠিয়ে তার পরিবারের সদস্যরা যেন নিশ্চিন্ত থাকতে পারেন, সে জন্য নিরাপদে গাড়ি চালানো অত্যন্ত জরুরি। চালকদের দায়িত্বশীল আচরণ, ট্রাফিক আইন মেনে চলা এবং সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর মাধ্যমে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।’

কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরিফুল হক, কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) এবং জেলা পুলিশের অন্যান্য পরিদর্শক ও সার্জেন্টরা।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা