শনিবার | অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ যুবদল নেতা সাকের হোসেন হত্যার বিচারের দাবিতে শালিখায় বিক্ষোভ

যুবদল নেতা সাকের হোসেন হত্যার বিচারের দাবিতে শালিখায় বিক্ষোভ

শালিখা (মাগুরা) প্রতিনিধি : মাগুরা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শালিখা উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় শালিখা উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব নয়নুজ্জামান নয়নের নেতৃত্বে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদর আড়পাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব মুন্সী নয়নুজ্জামান নয়ন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব গোলাম কিবরিয়া। এ সময় নেতাকর্মীরা সাকের হোসেন হত্যার বিচার ও হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বক্তারা বলেন, যুবদল নেতা সাকের হোসেন হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। তাঁদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা। একই সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার পাশাপাশি ফাঁসির দাবিও জানান বক্তারা।

এদিকে, এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহত সাকের হোসেনের স্ত্রী শারমিন নাহার বাদী হয়ে মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন।

উল্লেখ্য, গত বুধবার ভোর ৬টার দিকে মাগুরা বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস কাউন্টার থেকে যুবদল নেতা সাকের হোসেনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। পরে তাঁকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ সময় তাঁর মাথার পেছনে গুলির চিহ্ন দেখা যায়। ময়নাতদন্ত শেষে তাঁর মাথা থেকে একটি গুলি বের করা হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা