শনিবার | অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাট থেকে শিক্ষিকা ও যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাট থেকে শিক্ষিকা ও যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার

মোঃমাহাবুবুর রহমান, ঢাকা : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটের শয়নকক্ষ থেকে ডালিয়া আক্তার (৫০) নামের এক স্কুলশিক্ষিকা ও যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বাস্তা ইউনিয়নের রসুলপুর বাজার এলাকার সোনালী ব্যাংক ভবনের তৃতীয় তলার নিজ ফ্ল্যাট থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ডালিয়া আক্তার সুমা দক্ষিণ কেরানীগঞ্জ থানার বাস্তা ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি চর বাঘাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি রসুলপুর এলাকার লিয়াকত শিকদারের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়:
* স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ডালিয়া দুই মেয়েকে নিয়ে ওই ফ্ল্যাটে বসবাস করতেন। মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পর থেকে তিনি ওই বাসায় একাই থাকছিলেন।
* সকালে বাসার কাজের নারী ফ্ল্যাটে প্রবেশ করে মেঝেতে তার গলাকাটা মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
* নিহতের গলায় ধারালো অস্ত্রের গভীর আঘাত ও চারপাশে রক্ত ছড়িয়ে থাকতে দেখা গেছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং অপরাধীদের গ্রেফতারে থানা পুলিশের পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পিবিআই যৌথভাবে কাজ করছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা