শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) প্রতিনিধি: ‘৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে’—এই স্লোগানকে সামনে রেখে যশোরের চৌগাছায় জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে চৌগাছার বি কে প্লাজায় উপজেলা জাতীয় পার্টির আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক শফিকুল কবির শানুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মকবুল হোসেন।
উপজেলা জাতীয় পার্টির সদস্যসচিব প্রণব কুমার রায়ের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জাতীয় পার্টির সদস্য আব্দুল মান্নান, কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য বি এম রশিদ এবং উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান।
এ ছাড়া উপস্থিত ছিলেন পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, পাতিবিলা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আইয়ুব হোসেনসহ জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় বক্তারা উপজেলা দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং দেশের উন্নয়ন ও গ্রামীণ জনপদের অগ্রগতিতে জাতীয় পার্টির ভূমিকা নিয়ে আলোচনা করেন।
