মঙ্গলবার | অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কিশোরগঞ্জে পাওনা টাকা চাইতে গিয়ে ইমরান খুন

কিশোরগঞ্জে পাওনা টাকা চাইতে গিয়ে ইমরান খুন

মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মো. ইমরান (৩৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে সদর উপজেলার মারিয়া ইউনিয়নের প্যাড়াভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইমরান মারিয়া ইউনিয়নের মধ্য কাতিয়ারচর এলাকার মৃত আব্দুস শহীদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্যাড়াভাঙ্গা এলাকার আবুল কালামের কাছে ইমরানের ২ হাজার ৪০০ টাকা পাওনা ছিল। ওই টাকা আনতে সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন ইমরান। পরে আবুল কালামের বাড়িতে গিয়ে টাকা চাইলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আবুল কালাম ইমরানকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ রয়েছে।

ছুরিকাঘাতে গুরুতর আহত ইমরানকে স্থানীয় লোকজন উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা