মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে শাহীন আলম বাবু (৩০) নামের এক যুবুককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে এ দন্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত শাহীন আলম বাবু উপজেলার তারাকান্দি মধ্যপাড়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত বাবু এলাকায় মাদক সেবন ও বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে বাবু তাঁর বাড়িতে বসে মাদক সেবন করছে। এমন সংবাদ পেয়ে পাকুন্দিয়া থানার উপ সহকারী পরিদর্শক (এসআই) কামরুজ্জামানের নেতৃত্বে এক দল পুলিশ তাঁর বাড়িতে অভিযান চালায়। এ সময় মাদক সেবনরত অবস্থায় শাহীন আলম বাবুকে আটক করা হয়। পরে তাঁর বসতঘরে তল্লাশী চালিয়ে পুলিশ মাদক সেবনে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী এবং কয়েকটি দেশীয় অস্ত্র ও মোবাইল সেট উদ্ধার করে।
পরে তাকে ভ্রাম্যামান আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
এ ব্যাপারে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস বলেন, মাদক সেবনের বিষয়টি স্বীকার করায় তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে এ দণ্ডাদেশ দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং এ ধরনের অপরাধীদের বিভিন্ন মেয়াদে সাজাও দেওয়া হচ্ছে। এ অভিযান অব্যহত থাকবে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন (পিপিএম) বলেন, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে পুলিশ পাহারায় কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
