স্টাফ রিপোর্টার : কার্ডভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণের লক্ষ্যে আন্তর্জাতিক পেমেন্ট সেবা প্রতিষ্ঠান মাস্টারকার্ডের লাইসেন্স পেয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। সরকারি ব্যাংকগুলোর মধ্যে প্রথম হিসেবে এ লাইসেন্স পাওয়ার মধ্য দিয়ে ব্যাংকটির ডিজিটাল ব্যাংকিং কার্যক্রমে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
মঙ্গলবার ২৭ অক্টোবর বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে আয়োজিত অনুষ্ঠানে মাস্টারকার্ডের দক্ষিণ এশিয়ার ডিভিশন প্রেসিডেন্ট ও ভারতের কান্ট্রি করপোরেট অফিসার গৌতম আগরওয়াল ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলীর কাছে আনুষ্ঠানিকভাবে লাইসেন্স হস্তান্তর করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী বলেন, মাস্টারকার্ডের লাইসেন্স প্রাপ্তির মাধ্যমে ব্যাংকটির ডিজিটাল ব্যাংকিং কার্যক্রমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। এর ফলে গ্রাহকদের কার্ডভিত্তিক লেনদেনের সুযোগ সম্প্রসারণ এবং ক্যাশলেস পেমেন্ট সেবা সহজলভ্য করার কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হবে।
মাস্টারকার্ডের দক্ষিণ এশিয়ার ডিভিশন প্রেসিডেন্ট ও ভারতের কান্ট্রি করপোরেট অফিসার গৌতম আগরওয়াল বলেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের সঙ্গে এ অংশীদারত্ব দেশের আরও বেশি মানুষের কাছে ডিজিটাল পেমেন্ট সেবা পৌঁছে দিতে এবং আর্থিক অন্তর্ভুক্তি জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রহিম, মোহা. খালেদুজ্জামান ও আবু সাঈদ মো. রওশানুল হক। এ ছাড়া মাস্টারকার্ডের শ্রীলঙ্কা, মালদ্বীপ, বাংলাদেশ, ভুটান ও নেপালের কান্ট্রি ম্যানেজার সানদুন হাপুগোদা এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের আইসিটি মহাবিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দীন রাজীবসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
