মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, কুলাউড়া মৌলভীবাজার : ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত সহিংসতার প্রতিবাদ ও নিহতদের স্মরণে মৌলভীবাজারের কুলাউড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার বিকেল ৪টায় কুলাউড়া শহরের উত্তরবাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে চৌমুহনী চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মুনতাজিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির সাবেক আমীর খন্দকার আব্দুস সোবহান ও আব্দুল হামিদ খান।
এতে আরও উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমীর মো. জাকির হোসেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আলাউদ্দিন এবং ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সভাপতি আশরাফুল ইসলাম শাহরিয়ারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা তাঁদের বক্তব্যে পল্টনের ঘটনার নিন্দা জানান এবং নিহতদের স্মরণ করেন। তাঁরা ২৮ অক্টোবরের ঘটনাবলি নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
