রবিবার | নভেম্বর ১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কাপ্তাইয়ে যুব দিবসে র‍্যালি-আলোচনা সভা, যুবকদের হাতে ঋণের চেক ও অনুদান

কাপ্তাইয়ে যুব দিবসে র‍্যালি-আলোচনা সভা, যুবকদের হাতে ঋণের চেক ও অনুদান

নুর মোহাম্মদ বাবু, কাপ্তাই প্রতিনিধি: ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাইয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে জাতীয় যুব দিবস-২০২৬। দিবসটি ঘিরে যুবকদের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী করে গড়ে তোলার প্রত্যয়ে সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর।

রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কাপ্তাই উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য যুব র‍্যালির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম। তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে যুবসমাজকে নিজেদের স্বাবলম্বী করে তুলতে হবে। কর্মসংস্থান সৃষ্টিতে সরকারি উদ্যোগের পাশাপাশি যুবকদেরও এগিয়ে আসতে হবে।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে এবং সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা খায়রুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি ডা. রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. এনামুল হক হাজারী ও কাপ্তাই থানার উপপরিদর্শক সাখাওয়াত হোসেন।

এ সময় আরও বক্তব্য দেন জাকির হোসেন, যুব সংগঠক ইব্রাহীম হাবিব মিলু, বিজয় মারমা, আবদুল্লা আল নাহিয়ান ডালিম, মো. রাব্বি ও ঋণগ্রহীতা থুইনচিং মারমা। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব সংগঠক ও যুবক-যুবতীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে যুব কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত অনুদান বিতরণ, যুবকদের মাঝে ঋণের চেক হস্তান্তর এবং নিবন্ধিত যুব সংগঠনগুলোর মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।

পরে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঝুলন দত্তের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে বাউল শিল্পী বসুদেব মল্লিক ও লিপি দাশ সংগীত পরিবেশন করেন।

আয়োজকেরা জানান, যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করা, আত্মকর্মসংস্থানে উৎসাহিত করা এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডে যুবকদের সম্পৃক্ত করতেই এ ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা