মুহাম্মদ নজরুল ইসলাম, সিরাজগঞ্জ থেকে : সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার ৬৫ জন চরমপন্থি সদস্য স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যয়ে আত্মসমর্পণ করেছেন।
রোববার (১ নভেম্বর) সিরাজগঞ্জের সলঙ্গায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২) সদর দফতরে আনুষ্ঠানিকভাবে তারা আত্মসমর্পণ করেন।
আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসআরবি-এর মহাপরিচালক আহসান হাবিব পলাশ ও এসআরবি-১২’র অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আতিকুর রহমান মিয়া (পিপিএম) প্রমূখ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে— আত্মসমর্পণকারী ৬৫ জনের স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ সৃষ্টি এবং তাদের পুনর্বাসনের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। আত্মসমর্পণের মাধ্যমে তাদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সরে এসে স্বাভাবিক সামাজিক জীবনে ফেরার সুযোগ তৈরি করা হবে বলে জানানো হয়।
উল্লেখ্য, এর আগেও দেশের বিভিন্ন সময়ে চরমপন্থিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আত্মসমর্পণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ১৯৯৮ সালে সিরাজগঞ্জে শতাধিক চরমপন্থি আত্মসমর্পণ করেন। পরবর্তী সময়ে ২০১৯ সালের ৯ এপ্রিল পাবনায় ৫৯৬ জন এবং ২০২৩ সালের ২১ মে সিরাজগঞ্জে সাত জেলার ৩২৩ জন চরমপন্থি সদস্য আত্মসমর্পণ করেন।
বক্তাগন বলেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে চরমপন্থি তৎপরতা নিরসনের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিক পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফেরার পথ সুগম হবে।
