রবিবার | নভেম্বর ১, ২০২৬
প্রচ্ছদ শিক্ষা হবিগঞ্জ এবার এইচএসসিতে পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয়

হবিগঞ্জ এবার এইচএসসিতে পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয়

লিটন পাঠান, হবিগঞ্জ: হবিগঞ্জ জেলায় বড় ধরনের ফলাফলে বিপর্যয় ঘটেছে। যেখানে পাসের হার নেমে এসেছে মাত্র ৪৭.৯৫ শতাংশে। এ বছর জেলাজুড়ে ১২ হাজার ৬৯৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন এর মধ্যে কৃতকার্য হয়েছে ৬ হাজার ৮৯ জন। এছাড়া জেলায় জিপিএ-৫ পেয়েছেন মাত্র ১০৪ জন শিক্ষার্থী। যা মোট পরীক্ষার্থীর মাত্র ০.৮২ শতাংশ। এ বছর পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্র্থীদের মধ্যে কৃতকার্যের সংখ্যা অর্ধেকের চেয়েও কম।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, জেলায় পাশের হারের তুলনায় এগিয়ে রয়েছেন মেয়েরা। পরীক্ষায় ৫১.৮৬ শতাংশ মেয়ে পাস করেছেন। সেখানে ছেলেদের পাসের হার মাত্র ৪১.৯২ শতাংশ। মোট উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৬৫.৬ শতাংশই মেয়ে। এবারের ফলাফলে ছেলেদের ক্ষেত্রে চরম বিপর্যয় দেখা গেছে। পরীক্ষায় অংশ নেওয়া ৪ হাজার ৯৯৫ জন ছাত্রের মধ্যে ২ হাজার ৯০১ জনই অকৃতকার্য হয়েছেন, যা মোট ছাত্রের প্রায় ৫৮ শতাংশ।

উপজেলাভিত্তিক ফলাফলে হবিগঞ্জ সদর উপজেলায় পাসের হার ৬৪.৭১ শতাংশ। এর মধ্যে শহরের বৃন্দাবন সরকারি কলেজ একাই ১ হাজার ১১৫ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন। যার পাসের হার ৮২.৭৮ শতাংশ। এছাড়া বাহুবলে ৩৫.৪৭%, লাখাইয়ে ৩৬.১২%, মাধবপুরে ৩৭.১৩% এবং আজমিরীগঞ্জে ৩৮.০১% পাসের হার নিয়ে চরম পিছিয়ে রয়েছে। অন্যদিকে ফলাফল বিপর্যয়ের পরিস্থিতিতেও সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে শায়েস্তাগঞ্জের জহুর চান বিবি মহিলা কলেজ। এবারের এইচএসসি পরীক্ষায় কলেজটির গড় পাসের হার ৭৫ দশমিক ১৪ শতাংশ। অপরদিকে, লাখাই উপজেলার মুড়াকরি হাইস্কুল এন্ড কলেজ থেকে মাত্র ২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

এর মধ্যে তারা দুজনই অকৃতকার্য হয়েছে। এবারের এইচএসসি পরীক্ষায় ওই প্রতিষ্ঠানের ফলাফল শূণ্য। তাছাড়া জেলার মোট ৫৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৩৩টিরই পাসের হার ৪০ শতাংশের নিচে নেমে গেছে। সিলেট শিক্ষা বোর্ডের চার জেলার মধ্যে পাসের হারে হবিগঞ্জ দ্বিতীয় স্থানে থাকলেও তা বোর্ডের গড় পাসের হারের (৫০.৯০%) চেয়ে ২.৯৫ শতাংশীয় পয়েন্ট কম।

গত বছর এইচএসসি পরীক্ষায় জেলায় পাশের হার ছিল ৪৬.৮২ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ ছিল ১৩৪টি। জেলার ৯টি উপজেলা থেকে ১১ হাজার ৭০৭ জন শিক্ষার্থী অংশ নিলে কৃতকার্য হন ৫ হাজার ৪৮২ জন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা