বৃহস্পতিবার | নভেম্বর ৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ঝিনাইদহের মহেশপুরে বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা: বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

ঝিনাইদহের মহেশপুরে বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা: বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

​মেহেদী হাসান সিরাজী মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনকাজে বাধা দেওয়ার ঘটনার তীব্র নিন্দা এবং এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, মহেশপুর উপজেলা কমান্ডের উদ্যোগে উপজেলা পরিষদের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

​বৃহস্পতিবার (৫ নভেম্বর) আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা কমান্ডের ডেপুটি কমান্ডার রবিউল আউয়াল, পৌর কমান্ডার কাজী আব্দুস সাত্তারসহ এলাকার অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ।
​
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের অসম্মান এবং তাঁদের অন্তিম যাত্রায় এ ধরনের ন্যাক্কারজনক বাধা প্রদান কোনোভাবেই বরদাশত করা হবে না। অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।
​
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পিরোজপুর সদর উপজেলার চিতলিয়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন ও জানাজায় এই বাধার ঘটনা ঘটে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার কারণেই তাঁর দাফনে বাধা সৃষ্টি করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
​
এ ঘটনার পর থেকেই স্থানীয় মুক্তিযোদ্ধা সমাজ ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা