হাবিবুর রহমান, মধুপুর-ধনবাড়ী(টাঙ্গাইল) প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলের ধনবাড়ীতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯৭৫ সালের এই দিনে সিপাহি জনতার মিলিত বিপ্লব জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সব ষড়যন্ত্র নস্যাত করে দিয়ে দেশপ্রেমের এক অনন্য নজির সৃষ্টি করে। তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমানকে (পরে বাংলাদেশের প্রেসিডেন্ট) বন্দিদশা থেকে মুক্ত করে এনে সিপাহি জনতা তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে। সংকটময় অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে তিনি দেশে প্রবর্তন করেন বহুদলীয় গণতন্ত্র।
সূচনা করেন উন্নয়ন ও উৎপাদনের নবধারার রাজনীতি। সিপাহি জনতার বিপ্লবের মাধ্যমে একটি অস্থিতিশীল পরিবেশ থেকে দেশ সুশৃঙ্খল পরিবেশে ফিরে আসে। রবিবার(৮ নভেম্বর) বিকেলে ধনবাড়ী উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় থেকে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে একটি র্যালী বের হয়। র্যালী শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান দিবসটির গুরুত্ব তুলে ধরে বলেন, আওয়ামীলীগের কোন নেতা কর্মীকে ধনবাড়ীর মাটিতে দাঁড়াতে দেওয়া হবে না। কোন প্রকার অস্থিতিশীল কর্মকান্ড করার চেষ্টা করা হলে তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।
এসময় ধনবাড়ী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপি’র সভাপতি এসএমএ ছোবহান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপনসহ বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠণের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
