কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের পুর্নগ্রাম পাহাড়ে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা থামছে না। এবার ৩ লাখ টাকা মুক্তিপণ দিয়ে সশস্ত্র অপহরণকারীদের হাত থেকে মুক্ত হয়েছেন শামসুল আলম (৬১) নামে এক কৃষক।
তবে মুক্তির পরও চক্রটি তাঁর কাছে আরও ২ লাখ টাকা দাবি করে হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
পরিবার ও মামলা সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর সকালে পালিত গরু নিয়ে পুর্নগ্রামের দশকাইন্না চারণভূমিতে গেলে একদল অস্ত্রধারী তাঁকে জিম্মি করে গভীর পাহাড়ে নিয়ে যায়। পরে পরিবারের কাছে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং প্রাণনাশের হুমকি দেয়।
একপর্যায়ে ঋণ করে ৩ লাখ টাকা দেওয়ার পর কৌশলে বন্দিদশা থেকে পালিয়ে আসেন শামসুল আলম। পরে স্বজনরা তাঁকে হাসপাতালে ভর্তি করেন। অপহরণকারীদের নির্যাতনে তিনি গুরুতর অসুস্থ বলে জানিয়েছে পরিবার।
এ ঘটনায় শামসুল আলম বাদী হয়ে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চারজনকে আসামি করে মামলা করেছেন। মামলার নম্বর সিআর ১৯৯৫-২০২৬।
অভিযোগ, মুক্তির পরও চক্রটি আরও ২ লাখ টাকা দাবি করছে। টাকা না দিলে অস্ত্র হাতে তাঁর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।
খুটাখালী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল আজিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপহৃত ব্যক্তি পাহাড় থেকে ফিরে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে দেখছে।
স্থানীয়দের অভিযোগ, ঈদগাঁও-ঈদগড় ও পুর্নগ্রামের পাহাড়ি এলাকায় অপহরণ, মুক্তিপণ আদায় ও নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। এসব সশস্ত্র চক্রের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান দাবি করেছেন তাঁরা।
