মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, কুলাউড়া মৌলভীবাজার : মৌলভীবাজারের কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় এক তরুণীর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার ৯ নভেম্বর রাতে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের পাঁচপীর জালাই এলাকা থেকে মামুনি খাড়িয়া (১৯) নামের ওই তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
মামুনি খাড়িয়া স্থানীয় বাসিন্দা রবি খাড়িয়ার মেয়ে। স্থানীয়রা জানান, গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
তরুণীর মরদেহ উদ্ধারের পরিস্থিতি নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। ঘটনাটি স্বাভাবিক মৃত্যু, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।
কুলাউড়া থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
