আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা সমবায় কর্মকর্তা আহমেদ হোসেনের বিরুদ্ধে নিয়মিত অফিসে উপস্থিত না থাকার অভিযোগ উঠেছে। কর্মকর্তা কর্মস্থলে না থাকায় উপজেলার বিভিন্ন প্রাথমিক সমবায় সমিতির সদস্য ও সেবাগ্রহীতারা দিনের পর দিন ঘুরেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। এতে স্থানীয় সমবায় কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছে।
গত সোমবার বেলা ১১টায় উপজেলা সমবায় দপ্তরে গিয়ে দেখা যায়, কার্যালয়ের তালা খোলা থাকলেও দরজার পাল্লা দুটি আটকানো। পরদিন মঙ্গলবার একই সময়ে গিয়েও একই চিত্র দেখা যায়।
এ সময় দপ্তরের সহকারী পরিদর্শক মনা মণ্ডল ও অফিস সহায়ক জয়নাল আবেদিনকে কর্মকর্তার বিষয়ে প্রশ্ন করা হলে তারা বলেন, তিনি আসেননি, তবে আসবেন। কখন আসবেন তা নির্দিষ্ট করে বলা যাবে না।
স্থানীয় একাধিক সমবায়ী অভিযোগ করে বলেন, সমবায় কর্মকর্তা সপ্তাহের অধিকাংশ দিনই কার্যালয়ে উপস্থিত থাকেন না। মাঝেমধ্যে এলেও কিছু সময় থেকে আবার চলে যান। বাঁশবাড়ী এলাকার নূর ইসলাম, ভান্ডারা এলাকার মোবারক আলীসহ অনেকে বলেন, তারা কয়েক দিন ঘুরেও তার দেখা পাননি।
সেবা নিতে আসা কয়েকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা দূর-দূরান্ত থেকে ভাড়ার টাকা খরচ করে অফিসে আসি। কিন্তু এসে শুনি তিনি নেই। অফিসের কেউ বলতে পারেন না তিনি কখন আসবেন।”
কর্মকর্তা নিয়মিত না থাকায় নতুন সমবায় সমিতির নিবন্ধন, বার্ষিক অডিট, নির্বাচনসহ সরকারি জরুরি দাপ্তরিক কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। তাদের মতে, এ কারণে নতুন সমিতি গঠন কমে গেছে, আর পুরনো সমিতিগুলোর অনেকটাই কাগজে-কলমে চলছে। গত রোববার সমবায় দিবসে কম উপস্থিতিও এর বড় উদাহরণ।
এ বিষয়ে জানতে উপজেলা সমবায় কর্মকর্তা আহমেদ হোসেনের মুঠোফোনে কল দিলে তিনি বলেন, “আমি রাতোরে আছি।” অফিসে আসেননি কেন জানতে চাইলে তিনি আবারও একই কথা বলেন। জানা গেছে, তিনি জেলা শহর ঠাকুরগাঁও থেকে রাণীশংকৈলে আসেন। এ সময় রাতোর অতিক্রম করেই আসতে হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান বলেন, শুনেছি তিনি সদরে অতিরিক্ত দায়িত্ব পালন করেন। তবে পরপর দুই দিন অফিসে কেন আসেননি, তা খোঁজ নিয়ে দেখা হবে।
জেলা সমবায়ের সহকারী নিবন্ধক ইনামজ্জামান বলেন, আহমেদ হোসেনের মূল কর্মস্থল রাণীশংকৈল। সেখানে পরপর দুই দিন অফিসে না থাকার বিষয়টি খতিয়ে দেখা হবে।
