মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি : শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি, ডিজিটাল আসক্তি কমানো এবং শ্রেণিকক্ষে শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে কুমিল্লার মুরাদনগরে কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহার ও বহনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কলেজ কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১০ নভেম্বর) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ছাত্তার মিয়া স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।
নোটিশে উল্লেখ করা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্মারক নং-০৫.২০.১৯০০.৩০.০২১.১১.৩০৯.১৭.১০৯৪ এবং কুমিল্লা জেলা প্রশাসকের ৩ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখের নির্দেশনা মোতাবেক শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী স্মার্টফোন ব্যবহার বা বহন করতে পারবে না।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, এ নির্দেশ অমান্য করে কোনো শিক্ষার্থীর নিকট তল্লাশি চালিয়ে স্মার্টফোন পাওয়া গেলে তা সাথে সাথে জব্দ করা হবে। এছাড়া কোনো অবস্থাতেই তা এইচএসসি ফাইনাল পরীক্ষার পূর্বে ফেরত প্রদান করা হবে না বলে কড়া বার্তা দেওয়া হয়েছে।
এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ছাত্তার মিয়া জানান, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখতে কলেজে স্মার্টফোন বহন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। তিনি শিক্ষার্থীদের এ নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।
