মোঃ রাশেদুল ইসলাম, নোয়াখালী প্রতিনিধি: মাঠে খেলাধুলা করছে কয়েকজন শিশু। কেউ ঘুরে বেড়াচ্ছে বাজারের ওপর, আবার কেউ সময় কাটাচ্ছে খোলা মাঠে। বয়স অনুযায়ী যাদের থাকার কথা বিদ্যালয়ের শ্রেণিকক্ষে, তাদের অনেকেরই সময় কেটে যাচ্ছে এভাবেই। কারণ, গ্রামটিতে নেই কোনো শিক্ষাপ্রতিষ্ঠান। ফলে প্রাথমিক শিক্ষা গ্রহণের সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছে অনেক শিশু। বিশেষ করে মেয়েদের শিক্ষার চিত্র আরও উদ্বেগজনক। দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিদ্যালয়ে যাতায়াত কঠিন হওয়ায় অনেক মেয়েরই নিয়মিত পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।
এ চিত্র নোয়াখালীর সুবর্ণচর উপজেলার উপকূলীয় ৬নং ওয়ার্ডের চর মাকসুমুল গ্রামের কামাল বাজার এলাকার। চারদিকে নানা প্রতিকূলতা, যোগাযোগের দুরবস্থা, শিক্ষাপ্রতিষ্ঠানের অভাব এবং বসতভিটার নিরাপত্তাহীনতা—সব মিলিয়ে দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার মধ্যে দিন কাটছে এখানকার মানুষের।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গ্রামটিতে দু-একজন শিক্ষিত মানুষ থাকলেও তাঁদের শিক্ষাজীবন ছিল বেশ কষ্টসাধ্য। প্রায় ১২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আক্তার মিয়ার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরক্লার্ক উচ্চ বিদ্যালয় এবং চরক্লার্ক ইসলামিয়া দাখিল মাদ্রাসায় গিয়ে পড়াশোনা করতে হয়েছে তাঁদের।
দূরত্ব ও যোগাযোগব্যবস্থার কারণে সবচেয়ে বেশি পিছিয়ে পড়ছে এলাকার মেয়েরা। অনেক পরিবারের পক্ষে প্রতিদিন এত দূরের পথ পাড়ি দিয়ে মেয়েদের বিদ্যালয়ে পাঠানো কঠিন হয়ে পড়ে। স্থানীয়দের ভাষ্য, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক মেয়েকে পড়াশোনার জন্য নানাবাড়ি, দাদাবাড়ি কিংবা অন্য আত্মীয়স্বজনের বাড়িতে থাকতে হয়। ফলে নিজ গ্রামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় মেয়েদের শিক্ষার সুযোগ মারাত্মকভাবে সীমিত হয়ে পড়েছে।
শিক্ষার সংকটের পাশাপাশি বসতভিটার নিরাপত্তা নিয়েও উদ্বেগে রয়েছেন গ্রামবাসী। স্থানীয়দের দাবি, প্রায় ২৫ বছর আগে গাছপালা কেটে নিজেদের শ্রম ও প্রচেষ্টায় বসতি গড়ে তোলেন তাঁরা। দীর্ঘদিন ধরে বসবাস করে আসা সেই জমি এখন ভূমিদস্যুদের দখলের চেষ্টার মুখে পড়েছে বলে অভিযোগ তাঁদের। এতে বসতভিটা হারানোর আশঙ্কায় নারী, বৃদ্ধ ও যুবকসহ পুরো এলাকার মানুষের মধ্যে হতাশা বিরাজ করছে।
কৃষিনির্ভর এ এলাকার মানুষের দুর্ভোগের আরেকটি বড় কারণ যোগাযোগব্যবস্থা। নিজেদের জমিতে উৎপাদিত ফসল বিক্রি করতে প্রায় ১০ কিলোমিটার দূরের বাজারে নিয়ে যেতে হয়। অনেক সময় কোনো যানবাহনের সুবিধা না থাকায় পায়ে হেঁটেই ফসল বহন করতে হয় কৃষকদের। এতে উৎপাদিত ফসল বাজারজাত করতে বাড়তি সময় ও শ্রম ব্যয় হচ্ছে।
গ্রামের একমাত্র সড়কটির অবস্থাও অত্যন্ত নাজুক। বর্ষা মৌসুমে সড়কজুড়ে কাদা জমে চলাচল কঠিন হয়ে পড়ে। অন্যদিকে শুষ্ক মৌসুমে বালিতে আচ্ছাদিত হয়ে যায় পুরো রাস্তা। ফলে বছরের অধিকাংশ সময়ই চরম ভোগান্তি পোহাতে হয় বাসিন্দাদের। জরুরি প্রয়োজনে রোগী পরিবহন থেকে শুরু করে কৃষিপণ্য বাজারজাত—সব ক্ষেত্রেই বাধার মুখে পড়তে হয় তাঁদের।
স্থানীয় বাসিন্দারা জানান, একটি বিদ্যালয় প্রতিষ্ঠিত হলে গ্রামের শিশুদের পাশাপাশি মেয়েদের শিক্ষার সুযোগ বাড়বে। একই সঙ্গে দীর্ঘদিনের বসতভিটার নিরাপত্তা নিশ্চিত করতে প্রকৃত বাসিন্দাদের জমির বৈধ বন্দোবস্ত এবং ভূমি দখলের অপচেষ্টা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এ অবস্থায় চর মাকসুমুল গ্রামে একটি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা, প্রকৃত বসবাসকারীদের নামে ভূমি বন্দোবস্ত, ভূমি দখলের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং একমাত্র সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
তাঁদের প্রত্যাশা, উপকূলীয় এই জনপদের দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনার অবসানে সংশ্লিষ্ট প্রশাসন, জনপ্রতিনিধি ও সরকারের দায়িত্বশীল মহল দ্রুত কার্যকর উদ্যোগ নেবে। শিশুদের শিক্ষার অধিকার, মানুষের বসতভিটার নিরাপত্তা এবং স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে জরুরি সরকারি হস্তক্ষেপ চান চর মাকসুমুল গ্রামের বাসিন্দারা।
