কক্সবাজার উখিয়া থেকে আবু বক্কর সিদ্দিক : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য এডিনবারার ডাচেস সোফি হেলেন রিস-জোন্স। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত ২৮ সদস্যের প্রতিনিধি দল নিয়ে তিনি ক্যাম্প-১৮, ক্যাম্প-২০ সম্প্রসারিত অংশ ও ক্যাম্প-৪-এর বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শন করেন।
সকাল ১০টা ৭ মিনিটে প্রতিনিধি দলটি ক্যাম্প-১৮-এর বি/১ ব্লকে পৌঁছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ও বিশ্ব খাদ্য কর্মসূচির অর্থায়নে এবং কোডেক পরিচালিত স্টার প্লাস শিক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় সোফি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের পড়াশোনা, ভবিষ্যৎ লক্ষ্য, প্রয়োজনীয়তা ও মিয়ানমারে ফিরে যাওয়ার আগ্রহ সম্পর্কে জানতে চান।
সকাল ১০টা ৩২ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত একই ব্লকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার অর্থায়নে মুক্তি কক্সবাজার পরিচালিত নারী ও কিশোরীদের নিরাপদ কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে নারী ও কিশোরীদের সুরক্ষা, মানসিক সহায়তা, বিভিন্ন সেবামূলক কার্যক্রম এবং হস্তশিল্প প্রশিক্ষণ ও তাঁদের তৈরি পণ্যসামগ্রী ঘুরে দেখেন।
দুপুর ১২টা ২ মিনিটে ক্যাম্প-২০ সম্প্রসারিত অংশে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার অর্থায়নে পরিচালিত সাবান উৎপাদন কারখানা পরিদর্শন করেন প্রতিনিধি দলটি। এ সময় উৎপাদন কার্যক্রম, সাবানের গুণগত মান ও কর্মপরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন সোফি।
দুপুর ১২টা ৪৫ মিনিটে ক্যাম্প-৪-এ অ্যাকশনএইড পরিচালিত জাতিসংঘের নারী বিষয়ক সংস্থার বহুমুখী সেবাকেন্দ্র পরিদর্শন করেন। সেখানে নারী ও কিশোরীদের নিরাপত্তা, ক্ষমতায়ন, মানসিক সহায়তা ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরে রোহিঙ্গা শিশুদের সঙ্গে দুপুরের খাবার গ্রহণ করেন তিনি।
দুপুর ২টা ৩০ মিনিটে একই ক্যাম্পে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার অর্থায়নে পরিচালিত হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের প্রতিবন্ধী ব্যক্তিদের সেবাকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় সেবা গ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করে তাঁদের সমস্যা, প্রয়োজনীয়তা ও সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজ নেন।
বিকেল ৩টা ১৫ মিনিটে ক্যাম্প পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি উখিয়ার উদ্দেশে রওনা হয়। পরে বিকেল ৩টা ৫০ মিনিট থেকে ৩টা ৫৮ মিনিট পর্যন্ত উখিয়া সদর দক্ষিণ স্টেশন সংলগ্ন ফলিয়াপাড়া সড়কের মোড়ে অবস্থিত নর্থ এন্ড কফি শপে অবস্থান করেন সোফি। বিকেল ৪টায় তিনি কক্সবাজারের উদ্দেশে উখিয়া ত্যাগ করেন।
প্রতিনিধি দলে ব্রিটিশ হাইকমিশন ঢাকার হাইকমিশনার সারাহ কুক, ব্রিটিশ রাজপরিবারের সংশ্লিষ্ট কর্মকর্তা, নিরাপত্তাকর্মী, মানবিক সহায়তা ও উন্নয়নবিষয়ক প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা ছিলেন। এ ছাড়া বাংলাদেশের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (অতিরিক্ত সচিব) মিজানুর রহমান প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন।
দিনব্যাপী এ পরিদর্শনে রোহিঙ্গাদের শিক্ষা, নারী ও কিশোরীদের সুরক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন ব্রিটিশ রাজপরিবারের এই সদস্য।
