বৃহস্পতিবার | নভেম্বর ১২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ টেকনাফে সেনাসদস্য হত্যা মামলার আসামি গ্রেপ্তার

টেকনাফে সেনাসদস্য হত্যা মামলার আসামি গ্রেপ্তার

রিয়াজ উদ্দিন, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে সেনাসদস্য তিতাস হত্যা মামলার এজাহারনামীয় ১৮ নম্বর আসামি মো. হোসেন প্রকাশ বক্কইন্যাকে (২০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ আভিযানিক দল। মামলা দায়েরের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৫-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ নভেম্বর দুপুর ১টা ৪০ মিনিটের দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মুছনী বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসআরবি-১৫-এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্প ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি যৌথ আভিযানিক দল মুছনী বাজারের জহির আহাম্মদ মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মো. হোসেন প্রকাশ বক্কইন্যা (২০) মুছনী ক্যাম্পের এইচ ব্লকের ৫ নম্বর রুমের বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত কামাল হোসেন এবং মাতার নাম বেগম বাহার।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সেনাসদস্য তিতাস হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে এসআরবি-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনী সমন্বিত গোয়েন্দা নজরদারি এবং যৌথ অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে মামলার এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১৫।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা