বৃহস্পতিবার | নভেম্বর ১২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার

রিয়াজ উদ্দিন, কক্সবাজার : কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনে একজন, মাদক সেবনের অভিযোগে চারজন এবং বিভিন্ন ধর্তব্য অপরাধের মামলায় ১১ জন রয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) কক্সবাজার সদর মডেল থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে গত ২৪ ঘণ্টায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের তেলীপাড়া এলাকার উজির আলী (৪০)। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশ জানায়, হত্যা ও বিশেষ ক্ষমতা আইনসহ বিভিন্ন ধারায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এ ছাড়া মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার চারজন হলেন—কক্সবাজার পৌরসভার টেকপাড়ার খোরশেদ (২৭), সমিতিপাড়ার নুরুল আমিন (২২), পেকুয়ার পশ্চিম কুতুবপাড়ার মো. রুবেল (২০) এবং বাহারছড়ার সাংস্কৃতিক কেন্দ্র এলাকার মো. ফারুক (১৮)।

অন্যদিকে বিভিন্ন ধর্তব্য অপরাধের মামলায় গ্রেপ্তার ১১ জন হলেন—মো. জুবাইর (২৪), আব্দুল্লাহ (২২), জাহিদুল ইসলাম সাগর, সামিউল ইসলাম রাব্বি প্রকাশ সামি, রায়হান (২৫), মারুফ (২৩), হাসেম (২২), রাব্বি শেখ (২৬), ইমরান হোসেন রিফাত (২১), মো. মাহিম (৩২) ও মো. ফয়সাল (২০)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় আগে থেকেই সাধারণ ডায়েরি (জিডি) ও অন্যান্য মামলা রয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে পুলিশ আইন এবং ফৌজদারি কার্যবিধির সংশ্লিষ্ট ধারায়ও অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা