বুধবার | নভেম্বর ১১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের বিকাশ থেকে উধাও ১২ হাজার ৮৯৯ টাকা

ফ্যামিলি কার্ড করে দেয়ার প্রলোভন,

দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের বিকাশ থেকে উধাও ১২ হাজার ৮৯৯ টাকা

মাসুদ রানা মেহেরপুর প্রতিনিধি: একটি পরিবারে চার সদস্যের মধ্যে তিনজনই দৃষ্টিপ্রতিবন্ধী। অভাব-অনটনের সংসার চলে স্বামীর সামান্য উপার্জন আর বিভিন্ন প্রবাসীর পাঠানো আর্থিক সহযোগিতায়। এমন অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর বদলে প্রতারণার ফাঁদে ফেলে বিকাশ অ্যাকাউন্ট থেকে ১২ হাজার ৮৯৯ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী নারী পারেসা খাতুন এর সাথে। তিনি এই প্রতারণার শিকার হয়েছেন। গত ৯ নভেম্বর অপরিচিত এক ব্যক্তি তার মোবাইল ফোনে কল দিয়ে ছেলে পারভেজের নামে ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রলোভন দেখায়। একপর্যায়ে প্রতারক চক্র কৌশলে তার বিকাশ অ্যাকাউন্ট থেকে ১২ হাজার ৮৯৯ টাকা তুলে নেয় বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার পরদিন ১০ নভেম্বর এ বিষয়ে সংশ্লিষ্ট মোবাইল নম্বর উল্লেখ করে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন পারেসা খাতুন।

পারিবারিক সূত্রে জানা গেছে, পারেসা খাতুনের স্বামী শাহীন আলম। তাদের দুই ছেলে—পারভেজ (১০) ও হামিম (৮)। পরিবারের চার সদস্যের মধ্যে পারেসা খাতুন ও তার দুই ছেলে দৃষ্টিপ্রতিবন্ধী। স্বামী শাহীন আলমও শারীরিকভাবে অসুস্থ ও সীমিত সামর্থ্য নিয়ে কোনোরকমে কাজকর্ম করে সংসার চালান। তার সামান্য উপার্জনে পরিবারের ভরণপোষণ চালানো কঠিন হয়ে পড়ে।

এমন পরিস্থিতিতে বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরা মানবিক বিবেচনায় পারেসা খাতুনের বিকাশ নম্বরে আর্থিক সহায়তা পাঠান। সেই সহযোগিতার অর্থ দিয়েই কোনোরকমে চলে তাদের সংসার। কিন্তু অসহায় পরিবারটির সেই জমানো অর্থ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়ায় নতুন করে বিপাকে পড়েছেন পরিবারটি।

পারেসা খাতুন জানান, অনেক কষ্টে মানুষের সহযোগিতা নিয়ে সংসার চালান তিনি। ছেলে পারভেজের নামে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে ফোন করা হয়েছিল। প্রতারকের সাথে কথা বলার সময় পারেসা খাতুন বলেছিলেন আমি এবং আমার দুই ছেলে অন্ধ,সে কথা শুনেও প্রতারকের হৃদয় ভেজে নি। ছেলের ফ্যামিলি কার্ড করে দেয়ার কথা বিশ্বাস করেই প্রতারকের ফাঁদে পড়েন তিনি। পরে জানতে পারেন, তার বিকাশ অ্যাকাউন্ট থেকে ১২ হাজার ৮৯৯ টাকা তুলে নেওয়া হয়েছে।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, বিভিন্ন দেশের প্রবাসী ভাইয়েরা সহযোগিতা না করলে তাদের সংসার চালানোই কঠিন হয়ে পড়ত। অনেক কষ্টে পাওয়া সেই টাকাও প্রতারকরা নিয়ে গেছে। এখন কীভাবে চলবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।

এ ঘটনায় প্রতারক চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি খোয়া যাওয়া টাকা উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন পারেসা খাতুন। একই সঙ্গে সমাজের বিত্তবান ও প্রবাসীদের কাছে অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর মানবিক আবেদন জানিয়েছেন তিনি।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা