বুধবার | নভেম্বর ১১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কুলাউড়ায় সাম্প্রতিক অপপ্রচার নিয়ে বিএনপির সংবাদ সম্মেলন

কুলাউড়ায় সাম্প্রতিক অপপ্রচার নিয়ে বিএনপির সংবাদ সম্মেলন

মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, কুলাউড়া মৌলভীবাজার : মৌলভীবাজারের কুলাউড়ায় সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করতে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি। দলটির পক্ষ থেকে সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্রেসক্লাব গঠন, প্রবাসী নেতার সৌজন্য সাক্ষাৎ, দলীয় কার্যালয়ের জায়গা, শ্রমিক সংগঠনের অনুষ্ঠানে বক্তব্যের ভুল উচ্চারণ এবং চাঁদাবাজি-সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান তুলে ধরা হয়েছে।

মঙ্গলবার ১০ নভেম্বর রাত সাড়ে ৮টায় কুলাউড়া উপজেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু।

লিখিত বক্তব্যে তিনি বলেন, কুলাউড়ার সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ করতে ‘ইউনাইটেড প্রেসক্লাব’ গঠনের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা স্থানীয় সাংবাদিকতার জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ। নয় সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির মাধ্যমে পরবর্তী সময়ে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে অবাধ নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক প্রেসক্লাব প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। এ উদ্যোগে বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে। তবে কয়েকজন স্বার্থান্বেষী ও প্রভাবশালী ব্যক্তি এর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

প্রবাসী বিএনপি নেতা সাইফুল আলম সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, গত ২৮ অক্টোবর দলীয় কার্যালয়ে স্থানীয় সংসদ সদস্য ও বিএনপি নেতাদের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। এটি ছিল কেবল কুশল বিনিময়। এর সঙ্গে রাজনৈতিক যোগদান বা সাংগঠনিক সিদ্ধান্তের কোনো সম্পর্ক ছিল না। বিষয়টি নিয়ে বিভ্রান্তিকর প্রচারকে ভিত্তিহীন ও কাল্পনিক বলে উল্লেখ করেন তিনি।

বিএনপি কার্যালয় ও সংশ্লিষ্ট রেস্টুরেন্টের জায়গা নিয়ে লিখিত বক্তব্যে বলা হয়, জায়গাটি জেলা পরিষদের মালিকানাধীন। নিয়মনীতি মেনে বার্ষিক ২ লাখ ২০ হাজার টাকা রাজস্ব বা লিজ ফি প্রদান করে জায়গাটি ব্যবহারের অধিকার নেওয়া হয়েছে। প্রয়োজনীয় আর্থিক নথিপত্রও সংরক্ষিত রয়েছে বলে দাবি করা হয়।

এ ছাড়া গত ৩ নভেম্বর শ্রমিক সংগঠনের শপথ গ্রহণ অনুষ্ঠানে খোকন ভূঁইয়ার বক্তব্যে কুলাউড়া ও জুড়ী উপজেলা সম্পর্কে অনিচ্ছাকৃত ভুল উচ্চারণের ঘটনায় দুঃখ প্রকাশ করা হয়। লিখিত বক্তব্যে বলা হয়, তিনি ইতোমধ্যে নিজের ভুল স্বীকার করে প্রকাশ্যে অনুশোচনা করেছেন। দুই উপজেলার ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও অটুট থাকবে বলে আশা প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে জয়নাল আবেদীন বাচ্চু আরও বলেন, কুলাউড়ায় কোনো ধরনের চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারত্ব ও অরাজকতা বরদাশত করা হবে না। দলের নাম ব্যবহার করে কেউ অপকর্মে জড়ালে তার দায় দল নেবে না। একই সঙ্গে মিথ্যা তথ্য ও অপপ্রচারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক উপদেষ্টা এস এম জামান মতিন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল জামাল, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, সাবেক সহসভাপতি আজিজুর রহমান মনির ও আলমগীর হোসেন ভূঁইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হক বকুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন খান এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল মোক্তাদির মনুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা