রবিবার | নভেম্বর ১৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২০

কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২০

রিয়াজ উদ্দিন, কক্সবাজার : কক্সবাজার শহর ও আশপাশের ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২০ জন আসামিকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক সেবনের অভিযোগে ১৮ জন, আদালতের ওয়ারেন্টভুক্ত একজন এবং ধর্তব্য অপরাধে একজন রয়েছেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় চোর-ছিনতাইকারীসহ অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ১৮ মাদক সেবনকারীর মধ্যে কক্সবাজার সদর, উখিয়া, টেকনাফ, ঈদগাঁও, মহেশখালীসহ বিভিন্ন এলাকার বাসিন্দা রয়েছেন। তাঁদের মধ্যে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ফরিদপুর, ভোলা ও চট্টগ্রামের কয়েকজনও রয়েছেন।
এ ছাড়া উখিয়ার জালিয়াপালং এলাকার বাসিন্দা মো. ইদ্রিস প্রকাশ রেজভীকে আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, কক্সবাজার পৌরসভার দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার তাজুয়ারুল হক রাদিকে ধর্তব্য অপরাধে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় হত্যা, অগ্নিসংযোগ, ভাঙচুর, মারধর ও অন্যান্য অভিযোগে তিনটি মামলা রয়েছে। এর মধ্যে ২০২৬ সালের ২৯ আগস্টের একটি হত্যা মামলাও রয়েছে।

এদিকে, ১৩ নভেম্বর কক্সবাজার সদর মডেল থানা পুলিশের তিনটি চেকপোস্টে পৃথক অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের দেওয়া তথ্যমতে, কলাতলী চেকপোস্টে দুজনকে আটক করা হয়েছে। এ সময় তিনটি মামলা দায়ের এবং ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

খুরুশকুল চেকপোস্টে আটক করা হয় তিনজনকে।

অন্যদিকে, টার্মিনাল চেকপোস্টে পাঁচজনকে আটক করা হয়। সেখানে তিনটি মামলা দায়ের এবং ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তিনটি চেকপোস্টে মোট ১০ জনকে আটক, ছয়টি মামলা এবং ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা