রবিবার | নভেম্বর ১৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সড়কে ট্রাক থেকে বিএনপি নেতার চাঁদাবাজি অবশেষে বহিষ্কার

সড়কে ট্রাক থেকে বিএনপি নেতার চাঁদাবাজি অবশেষে বহিষ্কার

টাঙ্গাইল থেকে মনোয়ার হোসেন সোহেলঃ টাঙ্গাইলের মির্জাপুরে যানবাহন থেকে চাঁদা আদায় করার দ্বায়ে বিএনপির দুই নেতাকে বহিস্কার করা হয়েছে।শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ ও সাধারণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আরিফ স্বাক্ষরিত পৃথক পত্রের মাধ্যমে তাদের বহিষ্কার করা হয়।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ।

উল্লেখ্য, জেলা ট্রাক মালিক সমিতির রশিদ ব্যবহার করে প্রতিটি গাড়ি থেকে ১শ’ টাকা করে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন একাধিক যানবাহন চালক।ঘটনাটি টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই-সখীপুর আঞ্চলিক সড়কের হাঁটুভাঙ্গা সেতুর উত্তর পাশে ট্রাক থামিয়ে বিএনপির দুই নেতার নির্দেশে চাঁদা আদায়ের এ অভিযোগ উঠে।

শুক্রবার (১৩ নভেম্বর) সড়কে ট্রাক থামিয়ে চাঁদা আদায়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠে ।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, আজগানা ইউনিয়নের বেলতৈল শেখের চালা গ্রামের চাঁন মিয়ার ছেলে সোহেল এবং একই গ্রামের ছুরত আলীর ছেলে ইউসুফ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে গোড়াই-সখীপুর আঞ্চলিক সড়কের হাঁটুভাঙ্গা সেতুর প্রায় ৩শ’ গজ উত্তরে চেয়ার বসিয়ে যানবাহন থামান। এসময় তারা ‘টাঙ্গাইল জেলা মালিক সমিতির’ রশিদ দিয়ে প্রতিটি গাড়ি থেকে ১শ’ টাকা আদায় করেন। অনেক চালকের কাছ থেকে রশিদ ছাড়াও টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

হাটুভাঙ্গা সেতুর উত্তর পাশে দুজন ব্যক্তি ট্রাক থামিয়ে জেলা ট্রাক মালিক সমিতির রশিদ দিয়ে ১শ’ টাকা করে আদায় করছেন। এরআগে ওই স্থানে কোনো টাকা নেওয়া হতো না। টাকা দিতে আপত্তি জানালে আদায়কারীরা চালকদের সঙ্গে খারাপ আচরণ করেন বলেও অভিযোগ তাদের। সরকারি সড়কে হঠাৎ টাকা আদায়কে অন্যায় বলে মনে করেন তারা বলে জানান একাধিক ট্রাকচালক।

জেলা থেকে ট্রাক মালিক সমিতির কমিটি দেওয়া হয়েছে। কার্যালয়ের খরচের জন্য সেখান থেকে টাকা তোলা হয়েছে। নিয়ম মেনেই বৈধভাবে টাকা নেওয়া হচ্ছিল বলে জানান, আজগানা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও গোড়াই-হাঁটুভাঙ্গা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক লাল মিয়া।

টাকা আদায়ের বিষয়টি তার জানা ছিল না। জানার পরপরই তা বন্ধ করে দেওয়া হয়েছে বলেন, আজগানা ইউনিয়ন বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও গোড়াই-হাঁটুভাঙ্গা ট্রাক মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি কবীর সিকদার বলেন, তার ইউনিয়নে বিএনপির কোনো নেতা চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে তা প্রমাণিত হওয়ার পর উপজেলা বিএনপির নেতাদের সঙ্গে আলোচনা করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান, আজগানা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গণি বোখারী।

মালিক সমিতির একটি পূর্বের নিয়ম রয়েছে। মালিকরা মালিকদের কাছ থেকে সহযোগিতা নেবে এবং তারা তাদের সমিতি চালাবে। আমাদের সমিতি তো চালাতে হবে। এখানে বিদ্যুৎ বিল থেকে শুরু করে অফিসের পিয়নের বেতন দিতে হয়। তারা অন্য ব্যবসায়ীর কাছে তো চাঁদা চায়নি। তবে জোর করে ট্রাক থামিয়ে কোনো টাকা নেওয়ার নিয়ম নেই। টাকা নেওয়ার বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। ওই শাখাকে আমরা ডাকবো বলে জানান টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফ পাহেলী।

এ ব্যাপারে টাঙ্গাইল সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহরিয়ার আলম বলেন, বিষয়টি আমার জানা নেই। সড়কে চাঁদা আদায়ের কোন সুযোগ নেই। তারপরও এ ব্যাপারে খোঁজ নেওয়া হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা