রবিবার | নভেম্বর ১৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ৩৬০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার প্রকল্পের উদ্বোধন প্রতিমন্ত্রীর

সৌরবিদ্যুতে মাসে ৩ লাখ টাকা সাশ্রয় :

কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ৩৬০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার প্রকল্পের উদ্বোধন প্রতিমন্ত্রীর

মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ৩৬০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার (ছাদে সৌরবিদ্যুৎ) প্রকল্পের উদ্বোধন করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম।

শনিবার (১৪ নভেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে এ প্রকল্পের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসন, কিশোরগঞ্জের বাস্তবায়নে প্রকল্পটি চালু হয়েছে।

জানা গেছে, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, বিদ্যুৎ সাশ্রয় এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থার প্রসারে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে জেলা প্রশাসন। এর মাধ্যমে সরকারি কার্যালয়ে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ার পাশাপাশি প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরতা কমবে। একই সঙ্গে বিদ্যুৎ ব্যয় সাশ্রয়েও সহায়ক হবে প্রকল্পটি।

জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম ও কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।

এ ছাড়া জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কার্যালয়ের ৩ হাজার ৬০০ বর্গফুট আয়তনের ছাদে ৩৬০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন আধুনিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়গুলোর মধ্যে এটিই সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ ব্যবস্থা। প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরতা কমানো এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর পর থেকে কার্যালয়ের বিদ্যুৎ ব্যয় উল্লেখযোগ্যভাবে কমেছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বর্তমানে বিদ্যুৎ খরচ প্রায় এক-তৃতীয়াংশে নেমে এসেছে। এতে প্রতি মাসে গড়ে প্রায় ৩ লাখ টাকা বিদ্যুৎ বিল সাশ্রয় হচ্ছে। ফলে সরকারি অর্থের সাশ্রয়ের পাশাপাশি কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশ সুরক্ষায়ও ভূমিকা রাখছে এ উদ্যোগ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা