রবিবার | নভেম্বর ১৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ পানছড়িতে চেঙ্গী নদী থেকে পাহাড়ি ব্যক্তির মরদেহ উদ্ধার

পানছড়িতে চেঙ্গী নদী থেকে পাহাড়ি ব্যক্তির মরদেহ উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদী থেকে বাদল চাম্পিলা ত্রিপুরা ৪৫ নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার ১৪ নভেম্বর দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে উপজেলার ১ নম্বর লোগাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম মদন কারবারিপাড়া সংলগ্ন চেঙ্গী নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বাদল চাম্পিলা ত্রিপুরা পশ্চিম মদন কারবারিপাড়া গুচ্ছগ্রামের বাসিন্দা। তিনি কির্ণ মোহন ত্রিপুরার ছেলে। পেশায় তিনি এলাকায় গাছ কাটার কাজ করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে নিজ বাড়ির পাশের জুমখেতে কাজ করার উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে বের হন। পরে চেঙ্গী নদীতে তাঁর মরদেহ পাওয়া যায়। পরিবারের দাবি, তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। অতিরিক্ত মদ্যপানের কারণে নদীতে পড়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল রোববার ১৫ নভেম্বর দুপুর ১২টার দিকে নিজ বাড়ির পাশের চেঙ্গী নদীর তীরে তাঁর দাহক্রিয়া সম্পন্ন করা হবে।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে পানছড়ি থানায় কোনো অভিযোগ দায়ের করা হবে না বলে জানা গেছে।

তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে প্রয়োজনীয় তদন্ত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানা গেলে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা