সোমবার | নভেম্বর ১৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মহেশপুরে অভিভাবক সমাবেশ, কিশোরী প্রশিক্ষণ ও চেক বিতরণ অনুষ্ঠিত

মহেশপুরে অভিভাবক সমাবেশ, কিশোরী প্রশিক্ষণ ও চেক বিতরণ অনুষ্ঠিত

মেহেদী হাসান সিরাজী, ​মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের আওতায় অভিভাবক সমাবেশ, কিশোরীদের উদ্বুদ্ধকরণ ও সচেতনতামূলক প্রশিক্ষণ এবং চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

একই সঙ্গে জেলা প্রশাসকের তিন বছর মেয়াদি কর্মপরিকল্পনার অংশ হিসেবে মাদক, অনলাইন অপরাধ ও শিশু নির্যাতন প্রতিরোধে একটি বিশেষ আলোচনা সভাও সম্পন্ন হয়েছে।

​সোমবার সকালে ডিপিজি মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাদ হোসেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. নোমান হোসেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিয়া মো. আশিস হাসান এবং ঝিনাইদহ জেলা বিআরডিবির উপপরিচালক সুজিত কুমার বিশ্বাস।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ, যৌতুক, শিশু নির্যাতন এবং মাদকাসক্তি বর্তমান সমাজের জন্য মারাত্মক হুমকি। এসব সামাজিক অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের প্রত্যেক সচেতন নাগরিককে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

​বিশেষ করে কিশোরীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, যেকোনো ধরনের নির্যাতন, বাল্যবিবাহ ও অনলাইন হয়রানির বিরুদ্ধে কিশোরীদেরই সাহসিকতার সাথে প্রতিবাদ গড়ে তুলতে হবে। পাশাপাশি, সন্তানদের সঠিকভাবে গড়ে তুলতে অভিভাবকদের সচেতন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তারা।

শিক্ষার্থীদের সুস্থ ধারায় বেড়ে ওঠার ওপর গুরুত্ব দিয়ে বক্তারা বলেন, কোমলমতি শিক্ষার্থীদের যেকোনো মূল্যে মাদক থেকে দূরে রাখতে হবে। বর্তমান যুগে নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করা এবং শিশুদের সুরক্ষায় পরিবার ও শিক্ষকসহ সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

​অনুষ্ঠানে কিশোরীদের সচেতনতা বৃদ্ধি, অভিভাবকদের দায়িত্ববোধ জাগ্রত করা এবং নারীদের আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন দিক তুলে ধরা হয়। অনুষ্ঠান শেষে প্রকল্পের আওতায় নির্ধারিত উপকারভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।

​সবশেষে বক্তারা একটি সচেতন, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা