বুধবার | নভেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ চৌগাছায় জামাইয়ের লাঠির আঘাতে শ্বশুরের মৃত্যু

চৌগাছায় জামাইয়ের লাঠির আঘাতে শ্বশুরের মৃত্যু

শ্যামল দত্ত চৌগাছার (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় জামাইয়ের লাঠির আঘাতে শশুর মোতালেব হোসেন (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।

নিহত মোতালেব হোসেন উপজেলার ইলিশমারি গ্রামের মৃত আলফাজ উদ্দিনের ছেলে।

নিহতের পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, মঙ্গলবার মোতালেব হোসেনের ছোট মেয়ের বিয়ের দিন নির্ধারিত ছিল। বিয়ের খরচের জন্য কিছু টাকা দিতে সকালে বড় মেয়ের শ্বশুরবাড়ি নারায়ণপুর গ্রামে যান তিনি। সেখানে গিয়ে দেখতে পান, তার বড় মেয়েকে মারধর করছেন জামাই আনোয়ার হোসেন (৩৫)।

এ সময় মেয়েকে রক্ষা করতে এগিয়ে গেলে শ্বশুর ও জামাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আনোয়ার লাঠি দিয়ে মোতালেব হোসেনের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।

উল্লেখ্য, নিহত মোতালেব হোসেনের ছোট মেয়ের বিয়ের আয়োজন চলছিল মঙ্গলবারই। এ ঘটনায় বিয়ের আনন্দের পরিবর্তে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

চৌগাছা থানার ওসি (তদন্ত) নুরুল আমিন সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা