বুধবার | নভেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ পাকুন্দিয়ায় ট্রাকের চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশুর: ঘাতক ট্রাক ও চালক আটক

পাকুন্দিয়ায় ট্রাকের চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশুর: ঘাতক ট্রাক ও চালক আটক

মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক পারাপারের সময় দ্রুতগতির ট্রাকের চাপায় মোহাম্মদ তাকরীম (৪) নামে চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের মিরদী গ্রামের মালিবাড়ি মোড়ে মিরদী-মঠখোলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ তাকরীম নরসিংদীর মনোহরদী উপজেলার গাবতলী গ্রামের খোকনের ছেলে। সে মায়ের সঙ্গে বেড়াতে এসে মিরদী গ্রামে নানার বাড়িতে এসেছিল।

নানার বাড়িতে বেড়াতে এসে এমন দুর্ঘটনায় শিশুটির মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে নানার বাড়ির সামনের সড়ক পার হচ্ছিল শিশু তাকরীম। এ সময় মিরদী-মঠখোলা সড়ক দিয়ে দ্রুতগতিতে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে আটক করেন। পরে খবর পেয়ে পাকুন্দিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালক ও ট্রাকটি নিজেদের হেফাজতে নেয়।

এদিকে মাত্র চার বছর বয়সী শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

নানার বাড়িতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানোয় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে আশপাশের পরিবেশ।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করেছে।

দুর্ঘটনায় জড়িত ট্রাক ও চালককে আটক করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা