বুধবার | নভেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ দেশব্যাপী নাশকতা ও সহিংসতার প্রতিবাদে রামগড়ে বিএনপির বিক্ষোভ

দেশব্যাপী নাশকতা ও সহিংসতার প্রতিবাদে রামগড়ে বিএনপির বিক্ষোভ

মো.মাসুদ রানা, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা ও পৌর বিএনপি।

রবিবার (১৮ নভেম্বর) রাত ৮টায় রামগড় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।

সভায় বিএনপি নেতারা বলেন, গোপালগঞ্জে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে সারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। একটি নির্দিষ্ট এলাকায় সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে কেউ যেন মনে না করে যে, পুরো দেশ তাদের হাতে জিম্মি হয়ে পড়বে। দেশব্যাপী নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করা হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন রামগড় পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. ইলিয়াস হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদশাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় অংশ নেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা