শুক্রবার | নভেম্বর ২০, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সিংগাইরে মাংস ও মিষ্টির দোকানে অভিযান, ৫ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

সিংগাইরে মাংস ও মিষ্টির দোকানে অভিযান, ৫ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

সিংগাইর (মানিকগঞ্জ) থেকে রিপন মিয়া : মানিকগঞ্জের সিংগাইরে ফের মোবাইল কোর্টের অভিযানে দুটি মাংসের দোকান ও তিনটি মিষ্টির দোকানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পচা ও দুর্গন্ধযুক্ত মাংস এবং মিষ্টির দোকানে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশ পাওয়ায় এসব অর্থদণ্ড দেওয়া হয়।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন কবির।

অভিযানে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর সংশ্লিষ্ট ধারায় দুটি মাংসের দোকানকে ১০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় তিনটি মিষ্টির দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অর্থদণ্ডপ্রাপ্ত মাংসের দোকান দুটি হলো- আইনাল হক ও মোহাম্মদ আলীর দোকান। অন্যদিকে, মিষ্টির দোকান তিনটি হলো – কালা চান মিষ্টান্ন ভান্ডার, নিমাই চান মিষ্টান্ন ভান্ডার ও রাজীব সুইটস।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন কবির জানান, অভিযানে দুটি মাংসের দোকানে পচা ও দুর্গন্ধযুক্ত মাংস পাওয়া যায়। এ ছাড়া মিষ্টির দোকানগুলোতে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখা যায়। এসব অনিয়মের দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অর্থদণ্ড করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত এক সপ্তাহ ধরে সিংগাইর  উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধারাবাহিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা