রবিবার | নভেম্বর ২২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ‎গভীর সমুদ্রে ৭২ জনকে জিম্মি, কক্সবাজার সৈকত থেকে নারী ও শিশুসহ উদ্ধার ২৮

‎গভীর সমুদ্রে ৭২ জনকে জিম্মি, কক্সবাজার সৈকত থেকে নারী ও শিশুসহ উদ্ধার ২৮

‎কক্সবাজার থেকে আবু বক্কর সিদ্দিক : ‎সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া পৌঁছে দেওয়ার প্রলোভন দেখিয়ে নারী ও শিশুসহ ৭২ জনকে ট্রলারে তুলে টানা আট দিন গভীর সমুদ্রে ভাসিয়ে রাখার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে।
‎
‎একপর্যায়ে চক্রের সদস্যদের অভ্যন্তরীণ বিরোধের জেরে শুক্রবার (২০ নভেম্বর) রাতে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে ট্রলারটি ভিড়িয়ে যাত্রীদের নামিয়ে দিয়ে পালিয়ে যায় পাচারকারীরা।

‎​খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ২৫ জন পুরুষ, ২ জন নারী ও ১ জন শিশু রয়েছেন। ট্রলারে থাকা বাকি যাত্রীরা তীরে নামার পরপরই আতঙ্কে বিভিন্ন দিকে চলে গেছেন বলে জানিয়েছেন উদ্ধার হওয়া ভুক্তভোগীরা।
‎
‎​ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া নৌঘাট থেকে ছোট নৌকায় করে যাত্রীদের গভীর সাগরে অবস্থানরত একটি বড় মাছ ধরার ট্রলারে তোলা হয়। উদ্ধার হওয়া টেকনাফ সদর ইউনিয়নের কচুবনিয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ ইলিয়াস জানান, মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে তাঁদের ট্রলারে তোলা হলেও টানা কয়েক দিন গভীর সমুদ্রে ভাসিয়ে রাখা হয়।
‎
‎এ সময় ট্রলারে থাকা ১৭ জন মাঝিমাল্লা ও দালাল চক্রের সদস্যদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে তীব্র বিরোধ ও কথা-কাটাকাটি শুরু হয়। এর জের ধরেই শুক্রবার রাতে ট্রলারটি কক্সবাজারের লাবণী পয়েন্টের তীরে ভিড়িয়ে পাচারকারীরা দ্রুত সটকে পড়ে। ওই সময় ট্রলারে দুজনকে বেঁধে আটকে রাখা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
‎
‎​এদিকে এ ঘটনায় টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকার বাসিন্দা আব্দুল আমিনের (৪১) সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, তাঁর নেতৃত্বে একটি চক্র মালয়েশিয়াগামী যাত্রীদের প্রথমে জিম্মি করে রাখে এবং পরে রাতের আঁধারে সাগরে বড় ট্রলারে তুলে দেয়।
‎​
‎কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ২৮ জনকে বর্তমানে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। তাঁদের নাম-পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দেশের যেকোনো প্রান্ত থেকে কারও স্বজন টেকনাফ হয়ে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ থাকলে দ্রুত কক্সবাজার সদর মডেল থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
‎​
‎সচেতন মহল ও স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রতিবছর শীত মৌসুম এলেই উপকূলীয় এলাকায় মানবপাচারকারী চক্রগুলো সক্রিয় হয়ে ওঠে। সাধারণ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া এই চক্রের নেপথ্যের হোতা, দালাল ও ট্রলারমালিকদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি উপকূলীয় নজরদারি আরও জোরদার করার দাবি জানিয়েছেন তাঁরা।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা