পিরোজপুর প্রতিনিধি : “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)পদে নিয়োগের লক্ষ্যে রবিবার (২২ নভেম্বর) পিরোজপুর জেলা পুলিশ লাইন্স মাঠে প্রথম দিনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে যোগ্য প্রার্থীদের প্রাথমিক নির্বাচন কার্যক্রম পরিচালিত হয়। উক্ত যাচাই-বাছাই পরীক্ষায় পিরোজপুর জেলা নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করেন পিরোজপুর জেলার পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান (পিপিএম-সেবা)।
এ সময় নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার প্রাথমিকভাবে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের যেকোনো ধরনের আর্থিক লেনদেন এবং দালাল বা প্রতারক চক্রের সাথে যোগাযোগ থেকে সম্পূর্ণ বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানান। তিনি বলেন, শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় যোগ্যতম প্রার্থীকেই চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে।
এ লক্ষ্যে তিনি চাকরিপ্রার্থীদের নিয়োগ বোর্ডের সদস্যদের প্রতি পূর্ণ আস্থা রাখার আহ্বান জানান এবং স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত নিয়োগ উপহার দেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময়ে নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দসহ নিয়োগ ডিউটিতে নিয়োজিত পিরোজপুর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।
