মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি, প্রবীণ সাংবাদিক এম এ রশীদ ভূঁইয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে পাকুন্দিয়া প্রেসক্লাব মিলনায়তনে এর আয়োজন করে পাকুন্দিয়া প্রেসক্লাব। এতে উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি এস এ এম মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের পাকুন্দিয়া প্রতিনিধি মো. আছাদুজ্জামান খন্দকার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি ক.ম. মুহিব্বুল্লাহ বচ্চন, দৈনিক ইত্তেফাকের পাকুন্দিয়া প্রতিনিধি মো. তরীকুল হাসান শাহীন, দৈনিক জনতার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মো. মিজানুর রহমান, দৈনিক মানবকণ্ঠের উপজেলা প্রতিনিধি আরিফুল হাসান আরজু, দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ আবু হানিফ এবং দৈনিক আমার সংবাদের উপজেলা প্রতিনিধি এম এ হান্নান প্রমুখ।
বক্তারা বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে এম এ রশীদ ভূঁইয়ার দায়বদ্ধতা ছিল অনুকরণীয়। দীর্ঘ কর্মজীবনে তিনি দৈনিক আজাদ, বাংলাবাজার, আজকের দেশসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। স্থানীয় সাংবাদিকতা ও শিক্ষকসমাজে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে এবং তাঁর প্রয়াণে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাকুন্দিয়া কোর্ট বিল্ডিং মসজিদের পেশ ইমাম মাওলানা মো. মাসুম বিল্লাহ।
উল্লেখ্য, গত বছর ২২ নভেম্বর পাকুন্দিয়া উপজেলার নারান্দী ইউনিয়নের আগরপাট্টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন এম এ রশীদ ভূঁইয়া।
