সাভার থেকে, ফাহাদ-ই-আজম: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে গিয়ে নিজেই মৃত্যুর মুখে পড়লেন এক পোশাকশ্রমিক। পরিত্যক্ত সেপটিক ট্যাংকের পানিতে পড়ে যাওয়া আট বছরের শিশুকে জীবিত উদ্ধার করলেও নিজে আর ফিরে আসতে পারেননি মো. ছকিনুর ইসলাম (৩০)। শিশুটিকে নিরাপদে ওপরে তুলে দেওয়ার পরপরই ট্যাংকের দেয়াল ও পাশের মাটি ধসে তাঁর ওপর পড়ে। এতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিখোঁজ হন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে ঢাকার আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার দরগার পাড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে এলাকার একটি পুকুরের পাশে থাকা পরিত্যক্ত সেপটিক ট্যাংকের জমে থাকা পানিতে ছিপ দিয়ে মাছ ধরছিল আট বছর বয়সী শিশু শাহিন কাজী লাভলু। অসাবধানতাবশত একপর্যায়ে সে ট্যাংকের পানিতে পড়ে হাবুডুবু খেতে থাকে। শিশুটির চিৎকার ও বিপদের বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে ট্যাংকে নেমে পড়েন ছকিনুর ইসলাম। জীবনের ঝুঁকি নিয়ে শিশুটিকে উদ্ধার করে নিরাপদে ওপরে তুলে দেন তিনি।
কিন্তু শিশুটিকে উদ্ধার করার পর নিজে ট্যাংক থেকে বের হওয়ার আগেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। জরাজীর্ণ সেপটিক ট্যাংকের দেয়াল ও পাশের মাটি ধসে তাঁর ওপর পড়ে। মুহূর্তেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিখোঁজ হন তিনি।
ছকিনুর ইসলাম নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার ছিট রাজীব গ্রামের মো. জাহিদুল ইসলামের ছেলে। তিনি আশুলিয়ার এনআরএল গ্রুপে কাটিং বান্ডেলম্যান হিসেবে কর্মরত ছিলেন। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে দরগার পাড় এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন তিনি।
ঘটনার পর স্থানীয়রা প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। ধসে পড়া মাটি ও ট্যাংকের ধ্বংসস্তূপ সরিয়ে তাঁকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলমান রয়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া শ্রমিককে প্রাথমিকভাবে মৃত বলে ধারণা করা হচ্ছে।
একটি শিশুর জীবন রক্ষা পেলেও নিজের জীবন নিয়ে অনিশ্চয়তায় পড়ে গেলেন ছকিনুর ইসলাম। তাঁর উদ্ধারের অপেক্ষায় রয়েছেন স্বজন ও স্থানীয়রা।
