বুধবার | নভেম্বর ২৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মজুরী ঘোষণার পর অশান্ত শ্রীপুরের শিল্পাঞ্চল, বহিরাগতদের হামলা ও ভাঙচুরের চেষ্টা

প্রতিরোধ করল পুলিশ

মজুরী ঘোষণার পর অশান্ত শ্রীপুরের শিল্পাঞ্চল, বহিরাগতদের হামলা ও ভাঙচুরের চেষ্টা

মোঃ উজ্জল মিয়া শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের মজুরি ঘোষণা করার পর অশান্ত হয়ে পড়েছে শিল্পাঞ্চল। পুলিশের দাবি বহিরাগতরা সরাসরি যুক্ত থেকে এ হামলাকার্য চালাচ্ছে। দফায় দফায় পুলিশের সাথে চলছে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ টিয়ারসেল নিক্ষেপ।

বুধবার (২৫ নভেম্বর) সকালে গাজীপুরের শ্রীপুরের বিভিন্ন কারখানায় গেটে দলবদ্ধ হয়ে হামলা করে ও ভাংচুরের চেষ্টা চালায়। পুলিশের অবস্থানে তারা ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে।

সকাল ৯টার দিকে শ্রীপুরে বৈরাগীরচালার এলাকার হ্যামস্ গার্মেন্টস্, ভিক্টোরিয়া গার্মেন্টস্, লাক্সমা ইনওয়্যার লিমিটেড, কেওয়া দক্ষিণ খন্ড এলাকার ফখরুদ্দিন টেক্সটাইল ও নোমান হোম টেক্সটাইলে হামলা চালায়।

ফখরুদ্দিন টেক্সটাইল মিলের নিরাপত্তা ইনচার্জ তানভীর আহমেদ জানান, বুধবার কারখানা বন্ধ। সকাল থেকে হঠাৎ বেশ কয়েক যুবক কারখানার প্রধান ফটকে এসে বিশৃঙ্খলা তৈরি করে, এসময় গেটে ভাংচুরের চেষ্ট করলে কারখানার নিজস্ব নিরাপত্তা বাহিনীর সদস্য তা রুখে দেয়। এরপর সকাল সাড়ে ১০টার দিকে ফের হামলা চালায়, ব্যাপক ঢিল ছুঁড়ে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া দেয়, এসময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়লে পুলিশও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে একই সময় শ্রীপুর পৌরসভার হ্যামস্ গার্মেন্টস্ গেটে ও কারখানার ভেতরে ঢুকে ভাংচুর করে, ভিক্টোরিয়া গার্মেন্টস্ গেটে অবস্থান নিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে। পরে ভেতরে ঢুকতে না পেরে তারা গেটে ভাংচুর চালায়। অপরদিকে পাশেই লাক্সমা ইনওয়্যার লিমিটেডের ভেতরে ঢুকে ভাংচুর করে, নোমান হোম টেক্সটাইলের গেটে ভাংচু্র করে।

এবিষয়ে হ্যামস্ গার্মেন্টসের মানব সম্পদ বিভাগের জিএম মাহফুজুর রহমান জানান, কারখানায় ভাংচুর করা হয়েছে, আমরা খোঁজ খবর নিয়ে বিস্তারিত তথ্য জানাবেন বলে জানান।

এবিষয়ে গাজীপুর জেলা পুলিশের কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল আলম বলেন, বুধবার যারা বিশৃঙ্খলা তৈরি করছে তারা শ্রমিক না। কিছু বহিরাগত যুবক বিভিন্ন কারখানার গেটে গিয়ে বিশৃঙ্খলা তৈরি চেষ্টা করছে। আমাদের সতর্ক অবস্থানের কারণে তারা বেশিক্ষণ অবস্থান করতে পারেনি। বর্তমানে শ্রীপুর শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও যানবাহন চলাচল করছে। তবে আতঙ্কের কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের সংখ্যা কম।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা