মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল কুলাউড়া মৌলভীবাজার : মৌলভীবাজারের কুলাউড়ায় একাধিক ইনডোর মিনি স্টেডিয়াম প্রয়োজনীয় অগ্নিনিরাপত্তা লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছে বলে সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে। শুধু ফায়ার সার্ভিসের লাইসেন্স নয়, ভবন ও বড় শেড নির্মাণের নকশা অনুমোদনের জন্যও সংশ্লিষ্ট দপ্তরে কোনো আবেদন জমা পড়েনি।
উপজেলার রবিরবাজারের গোলবক্স ইনডোর, ঢুলীপাড়ার মাধবকুণ্ড স্পোর্টস সেন্টার এবং জয়চণ্ডীর ড্রিম ইনডোর মিনি স্টেডিয়ামে প্রতিদিন বিভিন্ন বয়সী মানুষ খেলাধুলা করেন। এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি চাকরিজীবী, ব্যবসায়ী ও বয়স্ক ব্যক্তিরাও আসেন।
প্রতিটি ইনডোরের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজারদের দাবি, মাদক ও জুয়ার মতো সামাজিক অপরাধ থেকে সমাজকে রক্ষা করতে এবং তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতেই এসব প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। তাদের মতে, খেলাধুলার প্রতি আগ্রহ বাড়লে তরুণরা অবসর সময় ইতিবাচক কাজে ব্যয় করতে পারবে।
তবে প্রতিষ্ঠানগুলোতে প্রতিদিন বহু মানুষের যাতায়াত থাকায় অগ্নিনিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ বিষয়ে কুলাউড়া ফায়ার সার্ভিস স্টেশনে যোগাযোগ করা হলে সংশ্লিষ্টরা জানান, কুলাউড়ায় এ ধরনের কোনো ইনডোর স্টেডিয়ামের লাইসেন্সের জন্য তাদের কাছে আবেদন করা হয়নি এবং তারা কোনো প্রতিষ্ঠানকে এ ধরনের লাইসেন্সও প্রদান করেননি।
ভবন ও বড় শেড নির্মাণের নকশা অনুমোদনের বিষয়ে কুলাউড়া উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী ফাতেহা ফজলে রাব্বির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ধরনের কোনো অনুমতির জন্য তাদের দপ্তরে আবেদন বা ফাইল জমা পড়েনি।
এদিকে বিদ্যুৎ সংযোগের বিষয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কুলাউড়া কার্যালয়ের প্রকৌশলী শাহাদাত হোসেন এবং কুলাউড়া পল্লী বিদ্যুতের সহকারী জেনারেল ম্যানেজার আবদুল্লাহ আল মামুন জানান, এসব প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স নিয়ে বাণিজ্যিক মিটার সংযোগ গ্রহণ করেছে।
পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাঈদুল ইসলাম জানান, কুলাউড়া উপজেলায় কোনো ইনডোর মিনি স্টেডিয়ামকে পরিবেশগত ছাড়পত্র দেওয়া হয়নি।
অন্যদিকে ইনডোর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, সাধারণত রাত ২টার দিকে প্রতিষ্ঠান বন্ধ করা হয়। তবে কেউ খেলতে চাইলে ভোর ৪টা-৫টা পর্যন্ত খেলার সুযোগ দেওয়া হয়।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার জানান, প্রয়োজনীয় অনুমোদন না নেওয়ার বিষয়টি খতিয়ে দেখে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে দিনে ও রাতে এ ধরনের কার্যক্রম পরিচালিত হলেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
সংশ্লিষ্টদের মতে, খেলাধুলার ইতিবাচক পরিবেশ বজায় রাখার পাশাপাশি অগ্নিনিরাপত্তা ও প্রয়োজনীয় নির্মাণ অনুমোদন নিশ্চিত করা জরুরি।
