বুধবার | নভেম্বর ২৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ‘২০২৬ সালে চা উৎপাদনে নতুন রেকর্ড হবে’ শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ

কাপ্তাইয়ে ওয়াগ্গাছড়া চা বাগানে চা বোর্ড চেয়ারম্যান

‘২০২৬ সালে চা উৎপাদনে নতুন রেকর্ড হবে’ শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ

নুর মোহাম্মদ বাবু, কাপ্তাই প্রতিনিধি: ‘২০২৬ সালে দেশে চা উৎপাদনে নতুন রেকর্ড সৃষ্টি হবে’ এমন আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, দেশের চা শিল্পের অগ্রযাত্রায় চা শ্রমিকদের অবদান সবচেয়ে বেশি। তাঁদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও আন্তরিকতার কারণেই দেশের চা উৎপাদন দিন দিন এগিয়ে যাচ্ছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ২টায় রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গাছড়া চা বাগান পরিদর্শনকালে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে চা বোর্ড চেয়ারম্যান বাগানে চারা রোপণ করেন। পরে বাগান চত্বরে স্থানীয় পাহাড়ি ও বাঙালি শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন তিনি। এতে পাহাড়ি ও বাঙালি সংস্কৃতির বৈচিত্র্যময় পরিবেশনা তুলে ধরা হয়। অনুষ্ঠান উপভোগ করে শিল্পীদের পরিবেশনার প্রশংসা করেন চা বোর্ড চেয়ারম্যান।

এ সময় চা শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতের শুরুতে কম্বল পেয়ে শ্রমিকদের মধ্যে স্বস্তি ও আনন্দের সৃষ্টি হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঝুলন দত্ত ও মংচাই মারমা।

রূপসী কাপ্তাইয়ের সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চা বোর্ডের সদস্য ইয়াছিন পারভীন তিবরীজি, ওয়াগ্গাছড়া চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রশীদ কাদেরী, ৪১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুল হক চৌধুরী, চা বোর্ডের সচিব মো. আমিনুর রশীদ, চা বোর্ডের পরিচালক ড. মো. ইসমাইল হোসেন, উপপরিচালক (পরিকল্পনা) সুমন সিকদার, ওয়াগ্গাছড়া চা বাগানের পরিচালক মোরশেদুল আলম কাদেরী ও খোরশেদুল আলম কাদেরীসহ চা শ্রমিকরা।

চা বোর্ড চেয়ারম্যানের এই পরিদর্শনকে ঘিরে ওয়াগ্গাছড়া চা বাগানে শ্রমিকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সংশ্লিষ্টরা আশা করছেন, উৎপাদন বাড়ানোর পাশাপাশি শ্রমিকদের কল্যাণে আরও কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা