মোঃ ওসমান গনি শার্শা (যশোর) : ভালো কাজের আশায় ভারতে গিয়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৮ বাংলাদেশি।
বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের ফেরত দিয়েছে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে তাদের জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থার হাতে তুলে দেয় বলে জানান বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান।
ফেরত আসা ব্যক্তিরা ফরিদপুর, চট্টগ্রাম, নড়াইল, যশোর, বরগুনা পঞ্চগড় ও সাতক্ষীরা জেলার বিভিন্ন অঞ্চলের বাসিন্দা।
পুলিশ ও মানবাধিকার সংগঠনের কর্মীরা জানায়, ফেরত আসারা অভাবী পরিবারের। ভালো কাজের আশায় দালালের মাধ্যমে সীমান্ত পথে ভারতে যান তারা। ভারতের দমদম ও তামিলনাড়ু রাজ্যে বিভিন্ন ধরনের কাজ করার সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তামিলনাড়ু ও কলকাতার দমদম পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। সেখানে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেয় আদালত।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান জানান, বিভিন্ন মেয়াদে কারাভোগের পর ভারত থেকে ফেরত আসা ৮ জন বাংলাদেশিকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ফেরত আসাদের বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করে রাতেই তাদের নিজস্ব শেল্টারহোমে রাখা হবে। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
