শুক্রবার | নভেম্বর ২৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ দুর্বৃত্তদের দেওয়া আগুনে কলমাকান্দায় দোকানির ১০ লাখ টাকার ক্ষতি

দুর্বৃত্তদের দেওয়া আগুনে কলমাকান্দায় দোকানির ১০ লাখ টাকার ক্ষতি

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের আমগড়া বাজারে ‘মা ভ্যারাইটিস স্টোর’ নামে একটি মনোহারি দোকানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে দোকানের মালামাল পুড়ে আনুমানিক ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকানমালিক।

গত ২৬ নভেম্বর দিবাগত রাত ১টা থেকে দেড়টার মধ্যে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আমগড়া বাজারের নৈশপ্রহরী আবুল কাসেম প্রথম দোকানটিতে আগুন দেখতে পান। পরে তাঁর ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। দোকানের পাশের গুদামঘরে ঘুমিয়ে ছিলেন কর্মচারী আশিক। নৈশপ্রহরীর চিৎকার শুনে ঘুম থেকে উঠে তিনিও দোকানে আগুন জ্বলতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

দোকানমালিক সুজন মিয়া (৪৫) আমগড়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত হাফিজ উদ্দিন। তিনি জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরে রাত পৌনে ২টার দিকে আগুন লাগার খবর পেয়ে বাজারে এসে স্থানীয়দের সহযোগিতায় দোকানের শাটার খুলে পানি দিয়ে আগুন নেভান।

দোকানমালিকের অভিযোগ, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা দোকানের সামনের এক পাশের কোণা দিয়ে শাটারের নিচে বাঁশের কঞ্চির সঙ্গে কাপড় পেঁচিয়ে তাতে পেট্রোল মিশিয়ে আগুন ধরিয়ে দেয়।

স্থানীয়রা জানান, দোকানঘরের পাশেই রয়েছে একটি বৈদ্যুতিক খুঁটি ও তিনটি ট্রান্সফরমার। এ ছাড়া দোকানের ভেতরে পেট্রোলভর্তি ড্রামও ছিল। আগুনের তাপে দোকানের অন্যান্য খাদ্যসামগ্রী ও পণ্যসামগ্রী নষ্ট হয়ে যায়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে বৈদ্যুতিক স্থাপনা ও পেট্রোলের কারণে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল। স্থানীয়দের দ্রুত উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আসায় আমগড়া বাজার বড় ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি থেকে রক্ষা পেয়েছে।

খবর পেয়ে শুক্রবার সকালে কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) জুনায়েদ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত করেন। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

তবে কারা এবং কী কারণে দোকানটিতে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা