শামিমুর রহমান জিসান, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি : দুর্গম পাহাড় ও রাস্তা, নেই হাসপাতাল। যেখানে চিকিৎসা পাওয়াটাই বিলাসিতা, সেখানে এবার চিকিৎসা পৌঁছে দিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) বান্দরবান সেক্টরের অধীনস্থ আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর ব্যবস্থাপনায় আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী সীমান্ত এলাকায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী, পদাতিক এর দিক-নির্দেশনায় এবং মেডিকেল অফিসার ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ, এএমসি এর পরিচালনায় এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনে পোয়ামুহুরী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বসবাসরত বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশুসহ ১০০ জনের অধিক চিকিৎসাবঞ্চিত রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।
বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক ও আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে ব্যাটালিয়নটি। একই সাথে “অপারেশন উত্তরণ”-এর আওতায় মানবিক কাজের অংশ হিসেবে দুর্গম পাহাড়ি এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও বিভিন্ন মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে পাহাড়ি-বাঙালি সম্প্রীতি ও পারস্পরিক আস্থা সুদৃঢ় করতে বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে আলীকদম ব্যাটালিয়ন।
পর্যায়ক্রমে দায়িত্বপূর্ণ অন্যান্য বিওপির সীমান্ত এলাকায়ও এ ধরনের মেডিকেল ক্যাম্পেইন আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ব্যাটালিয়ন কর্তৃপক্ষ। যা দ্রুত বাস্তবায়ন করা হবে।
সকলের আন্তরিক সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে মেডিকেল ক্যাম্পেইন কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ধারা অব্যাহত থাকবে।
দুর্গম পাহাড়ী এলাকার নিম্ন আয়ের হত-দরিদ্র নৃ-গোষ্ঠী জনসাধারণের একমাত্র ভরসার প্রতীক হিসেবে বিজিবি সর্বদা পাশে রয়েছে।
