শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ উখিয়ায় বিজিবির অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক ২

উখিয়ায় বিজিবির অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (১৬ জুন) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল উখিয়ার পাগলীর বিল দক্ষিণ বক্তাতলী জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের নির্দেশনায় সহকারী পরিচালক মো. কবির হোসেনের নেতৃত্বে মরিচ্যা যৌথ চেকপোস্টের টহল দল এলাকায় অবস্থান নেয়। এ সময় একটি সন্দেহজনক সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় সিএনজিতে থাকা দুই যাত্রী আব্দুল আলম (৩৩) ও মাহমুদুল হক (৪৬)-এর কাছে থাকা একটি কার্টন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলে তারা সেটি নিজেদের বলে স্বীকার করেন। পরে কার্টনের ভেতর অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
আটক দুই ব্যক্তি উখিয়ার মরিচ্যা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা