শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ টেকনাফে র‌্যাবের চিরুনি অভিযান ৩০ হাজার ইয়াবা ও ৪ বিলাসবহুল মোটরসাইকেলসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার

টেকনাফে র‌্যাবের চিরুনি অভিযান ৩০ হাজার ইয়াবা ও ৪ বিলাসবহুল মোটরসাইকেলসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার

রিয়াজ উদ্দিন, কক্সবাজার থেকে : কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫ এর চিরুনি অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত ৪টি বিলাসবহুল মোটরসাইকেলসহ এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
র‌্যাবের তথ্য অনুযায়ী, কাটাখালী এলাকার ছৈয়দ নুরের দোকানের সামনে পাকা সড়কে কয়েকজন ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি বিশেষ আভিযানিক দল সেখানে ঝটিকা অভিযান চালায়।
অভিযানের সময় র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা কৌশলে এলাকাটি ঘিরে ফেলেন। এ সময় আবসার মিয়া (২০) নামে এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তিনি হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী পূর্বপাড়া এলাকার নুরুল আলমের ছেলে।
গ্রেপ্তারের পর তার কাছ থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত ৪টি বিলাসবহুল মোটরসাইকেল জব্দ করা হয়।
র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবসার মিয়া দীর্ঘদিন ধরে টেকনাফ ও কক্সবাজারের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ ও পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
গ্রেপ্তারকৃত আসামি, উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।
র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা