বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নিপু (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) উপজেলার কামরাবাদ ইউনিয়নের বীর বড়বাড়ীয়া গামার বিল এলাকায় মজিবর রহমানের একটি সেচ পাম্পের পাশে এ ঘটনা ঘটে।
নিহত নিপু উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়ীয়া পূর্বপাড়া গ্রামের উসমান আলীর ছেলে। তিনি বিদেশ ফেরত এবং দুই সন্তানের জনক ছিলেন। স্থানীয়দের অভিযোগ, নেশার টাকা জোগাড় করতেই তিনি তার চুরির চেষ্টা করেছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, উপজেলার বীর বড়বাড়ীয়া গামার বিল এলাকায় মজিবর রহমান ও অপর এক সেচ পাম্প মালিক মিস্টার মিয়ার সেচ পাম্পের বিদ্যুৎ সংযোগের জন্য টানানো সার্ভিস তার রোববার গভীর রাতে চুরি করতে যান নিপু। এ সময় তিনি বিদ্যুতায়িত তারের সংস্পর্শে এসে ঘটনাস্থলেই মারা যান।
সোমবার (৮ জুন )সকালে স্থানীয় পথচারীরা তাকে বিদ্যুতের তারে জড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখে সরিষাবাড়ী থানা পুলিশকে খবর দেন। পরে সরিষাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীনুর ইসলাম ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ থানায় নিয়ে আসেন।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা